​‘ওরা আমার চুল গায়েব করে দিয়েছে’, টাইমের প্রচ্ছদ দেখে ক্ষুব্ধ ট্রাম্প

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১২:৩৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৩:৩৪:১৪ অপরাহ্ন
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘এযাবৎকালের সবচেয়ে বাজে প্রচ্ছদ’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, ম্যাগাজিনটি তার চুলই উধাও করে দিয়েছে।

মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘টাইম ম্যাগাজিন আমার সম্পর্কে মোটামুটি ভালো প্রতিবেদন লিখেছে, কিন্তু প্রচ্ছদের ছবিটা সর্বকালের সবচেয়ে বাজে।

তারা আমার চুলই গায়েব করে দিয়েছে! আর মাথার ওপর এমন কিছু বসিয়েছে, যা দেখে মনে হচ্ছে কোনো ভাসমান মুকুট। কিন্তু সেটা খুব ছোট, আর দেখতে ভীষণ অদ্ভুত!’ট্রাম্প আরো লিখেছেন, ‘নিচের অ্যাঙ্গেল থেকে তোলা ছবি আমার কখনোই পছন্দ ছিল না, কিন্তু এই ছবিটা অনেক বেশি খারাপ। এটা নিয়ে চুপ করে থাকা যায় না। টাইম ম্যাগাজিন আসলে করছে কী? কেন করছে?’ এর আগেও ম্যাগাজিনটি নিয়ে কটাক্ষ করেছিলেন ট্রাম্প।

গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক সংখ্যায় টাইম ম্যাগাজিন হোয়াইট হাউসের ওভাল অফিসে বসা ধনকুবের ইলন মাস্কের ছবি ছেপেছিল। তখন ট্রাম্প মন্তব্য করেছিলেন, ‘টাইম ম্যাগাজিন এখনো টিকে আছে? আমি তো ভেবেছিলাম অনেক আগেই বন্ধ হয়ে গেছে!’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যার শিরোনাম ‘হিজ ট্রায়াম্ফ’ বা ‘তার বিজয়’। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ট্রাম্পকে কৃতিত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকেই ম্যাগাজিনটি ‘ট্রাম্পের কূটনৈতিক সাফল্য’ হিসেবে তুলে ধরেছে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :