​একীভূত পাঁচ ব্যাংকে অক্ষুণ্ন থাকবে বিনিয়োগকারীর স্বার্থ : অর্থ মন্ত্রণালয়

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০১:৪৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০১:৪৭:৫০ অপরাহ্ন
পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন- এমন একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন উল্লেখ করে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে যে, ব্যাংক একীভূত হওয়ার ফলে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং সরকার এ বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করতে পারে। বরং ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও জনগণের আস্থা বজায় রাখতে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য যাচাই-বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি এমন প্রচারণা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :