​তালিকায় নেই বলে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যায়নি: সিইসি

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৬:৪১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৬:৪১:০১ অপরাহ্ন
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের প্রত্যাশিত প্রতীক না দেয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের নির্ধারিত তালিকায় এনসিপির দাবি করা প্রতীকটি না থাকায় কমিশন সেটি দিতে পারেনি। তবে কমিশন চাইলে প্রতীক কমাতে ও বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (১২ অক্টোবর) নগরের সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, যখন কোনো দল নিবন্ধিত হয়, তখন তাকে আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকেই একটি প্রতীক নিতে হয়। এনসিপি যেটি চেয়েছিল, সেটা তালিকাভুক্ত ছিল না। এজন্য আমরা সেটি দিতে পারিনি।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন যে তালিকা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়, সেটির বাইরে কোনো প্রতীক দেওয়ার বিধান নেই। আমরা কখনও তালিকার বাইরে কাউকে দিইনি।

তবে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে প্রতীকের তালিকা বাড়ানোর ক্ষমতা কমিশনের রয়েছে। এ বিষয়ে সিইসি বলেন, কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। কিন্তু এনসিপির প্রতীক সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

কমিশনের অবস্থান স্পষ্ট জানিয়ে সিইসি বলেন, এটা কমিশনের নীতিগত সিদ্ধান্ত নয় যে কাউকে বঞ্চিত করতে চাই। বরং নির্বাচন প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ রাখতেই আমরা তালিকাভুক্ত প্রতীক ছাড়া কোনো নতুন প্রতীক অনুমোদন দিইনি।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি মনে করি না এনসিপি বা কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে। এনসিপির নেতারা দেশপ্রেমিক। গণতন্ত্রের জন্য তাদের ছেলেরা প্রাণ দিয়েছে। চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তারা গণতন্ত্রের পথে বাধা হবে না। রাজনীতিতে কোনো অবস্থানই চূড়ান্ত নয়, আশা করছি তারা শেষ পর্যন্ত ইতিবাচক অবস্থানে আসবেন।

নির্বাচনে সাংবাদিকদের সহায়তা চেয়ে সিইসি বলেন, আমাদের উদ্দেশ্য স্পষ্ট—সাংবাদিকদের সহযোগিতা চাই। তারা যেন স্বাধীনভাবে নির্বাচন কাভার করতে পারেন, আমরা সর্বাত্মক সহায়তা করব। সঠিক তথ্য প্রকাশে আমরা উৎসাহিত করব, তবে মিথ্যা প্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিহত করতে হবে।

ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব তুলে ধরে সিইসি নাসির উদ্দিন বলেন, ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। তাই সংবাদ প্রচারের আগে যাচাই অত্যন্ত জরুরি। কিছু গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল ইতিবাচক ভূমিকা রাখছে, যা প্রশংসনীয়।

তিনি বলেন, নারী-পুরুষ ভোটাররা যেন নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সাংবাদিকদের সহযোগিতা করবেন।

অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আর রোহিঙ্গা ভোটার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে নতুন ভোটার তালিকার ভিত্তিতে, যা জনগণের স্বচ্ছ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করবে।

তিনি বলেন, যারা নেতৃত্বে রয়েছেন, তারা দেশের জন্য সুন্দর একটি নির্বাচন নিশ্চিত করতে নিজেদের জীবন ঝুঁকিতে রেখেছেন। তাই সবার উচিত দায়িত্বশীলভাবে তথ্য যাচাই ও প্রচার করা। সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকরা আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :