​সেন্টমার্টিনে কখোনই ভ্রমণ বন্ধ করা হয়নি: পরিবেশ উপদেষ্টা

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:২৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:২৫:১০ অপরাহ্ন
কখনোই সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, তবে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। সেন্টমার্টিনের স্থানীয় মানুষ হোটেলগুলোর মালিক নয়। আন্দোলন যারা করেন বা করছেন, তাদের বেশির ভাগই হচ্ছে বাইরের ব্যবসায়ী। সেন্টমার্টিন ব্যবসায়ীদের নয়, সেন্টমার্টিন সবার।

তিনি বলেন, সেন্ট মার্টিনকে রক্ষা করতে পারলেই পর্যটন টিকে থাকবে। দ্বীপে ভ্রমণ কখনোই বন্ধ করা হয়নি, শুধু পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে- এটি একটি বৈশ্বিক অনুশীলন। সেন্ট মার্টিনে রাত্রিযাপন না করার সিদ্ধান্ত ২০১৬ সালেই নেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার এসে সেই সিদ্ধান্ত কার্যকর করছে।

এ সময় চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের বিষয়ে বিস্ময় প্রকাশ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এখন কি শিক্ষাপ্রতিষ্ঠান হবে বিলে! শিক্ষাপ্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেন, তারা কীভাবে এ ধরনের দাবি তুলতে পারেন, আন্দোলন করতে পারেন বা প্রস্তাব পাঠাতে পারেন?

আন্দোলনকারীদের উদ্দেশে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকার অনুমতি দিল কিনা, সেটা পরের বিষয়। মূল প্রশ্ন হলো- আপনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আদৌ এ ধরনের প্রকল্প প্রস্তাব পাঠাতে পারেন কিনা।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :