এমডি নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন ২১৩ প্রকৌশলীর

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৩৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০২:০৩:১৮ অপরাহ্ন
বিদ্যুৎ খাতে আলোচিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া স্থগিতের দাবি উঠেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির (বিডব্লিউপিইএ) ২১৩ জন প্রকৌশলী স্বাক্ষরযুক্ত এক আবেদনপত্র কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।  

আবেদনকারীরা জানিয়েছেন, বিদ্যুৎ কোম্পানির এমডি নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নিয়োগ সম্পন্ন হলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 

তারা অভিযোগ করেছেন- বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর ও কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য নির্ধারিত নতুন মানদণ্ডে বৈষম্য ও অসঙ্গতি রয়েছে।  

ডিপিডিসি–ডেসকো উইংয়ের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর পাঠানো আবেদনে বলা হয়, নতুন শর্তে বিদ্যুৎ কোম্পানিতে দীর্ঘদিন কর্মরত অভিজ্ঞ প্রকৌশলীরা এমডি হওয়ার সুযোগ হারাচ্ছেন, অথচ বিপিডিবি ও বিআরইবি’র কর্মকর্তারা অগ্রাধিকার পাচ্ছেন। এতে কোম্পানির ভেতরে বৈষম্য তৈরি হচ্ছে। 

ডিপিডিসি–ডেসকো উইংয়ের প্রকৌশলীরা বলেন, পূর্বের সার্ভিস রুলস–২০১৩ ও ২০১৭ অনুযায়ী এমডি নিয়োগে Distribution/Transmission/Generation ইউটিলিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রেড–৪) পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন শর্তে তা বাতিল করে যে কোনো গ্রেড–৪ বা তদূর্ধ্ব পদে কর্মরত কর্মকর্তা, যদি পাওয়ার সেক্টরে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা রাখেন, তবে এমডি পদে যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রকৌশলীদের মতে, কারিগরি বিষয়ে গভীর অভিজ্ঞতাহীন কর্মকর্তারা যদি ইউটিলিটি কোম্পানির এমডি হন, তবে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হবে। তারা চলমান এমডি নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে পূর্বের মতো সার্ভিস রুল অনুযায়ী নতুন করে মানদণ্ড নির্ধারণের দাবি জানিয়েছেন।

লিখিত আবেদনে আরো বলা হয়, নতুন নির্ধারিত মানদণ্ডে Public Sector (GoB/SOE's/ Autonomous Bodies) যেমনঃ বিপিডিবি/বিআরইবি থেকে আগত প্রার্থীর জন্য ২০ বছরের চাকরিজীবনের মধ্যে গ্রেড-০৪ বা তদূর্ধ্ব পদে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে Power Sector-এর SOCS-যেমনঃ (ডিপিডিসি/ডেসকো/পিজিসিবি/নেসকো/ওজোপাডিকো)-এর ক্ষেত্রে প্রধান প্রকৌশলী (গ্রেড-০৩) বা তদূর্ধ্ব পদে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতার শর্ত নির্ধারিত হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা দীর্ঘ ৩০-৩২ বছরের চাকরির অভিজ্ঞতা অর্জন করলেও নির্ধারিত শর্তের কারণে ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদন করতে পারবেন না। অন্যদিকে বিপিডিবি-বিআরইবির তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা নতুন নির্ধারিত মানদন্ড অনুযায়ী কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদন করতে পারেন, যা কোম্পানিগুলোতে কর্মরত কর্মকর্তাদের সাথে বৈষম্যমূলক আচরণ।

আবেদনে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের নতুন নির্ধারিত মানদণ্ডে এ ধরনের অসঙ্গতি এবং বৈষম্যের কারণে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ সমিতির, ডিপিডিসি ইউনিটের প্রকৌশলীবৃন্দ চিন্তিত ও শঙ্কিত। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মানদণ্ড সংশোধনের কোন প্রয়োজন ছিলো না। নতুন মানদণ্ডে কোম্পানিসমূহে কর্মরত কর্মকর্তাদের প্রধান্য না দিয়ে বিপিডিবি এবং বিআরইবি'র কর্মরত কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে কিনা কোম্পানিসমূহের প্রশাসনিক কাঠামো, বিদ্যমান আইন ও কাজের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। ফলে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের মানদণ্ডে কর্মকর্তাদের সাথে সৃষ্ট বৈষম্য দূরীকরণসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর জন্য প্রণিত সার্ভিস রুল-২০১৩ ও ২০১৭ এর ন্যায় Distribution/Transmission/Generation ইউটিলিটিতে কমপক্ষে গ্রেড-৪ (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) পদে ৫ বছরের কর্ম অভিজ্ঞতা থাকার বিধান অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তাই বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিগুলোর চলমান ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া স্থগিত এবং নিয়োগের মানদন্ড প্রস্তাবনা অনুযায়ী পুনঃসংশোধনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রকৌশলীরা

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

বিদ্যমান মানদণ্ডেই এমডি নিয়োগ!
​এমডি নিয়োগের সার্কুলার ঘিরে ডিপিডিসিতে ক্ষোভ
ঝুলে আছে এমডি নিয়োগের মানদণ্ড সংশোধনী!
​শীঘ্রই এমডি পদে নিয়োগের মানদণ্ডে সংশোধনী : বিদ্যুৎ উপদেষ্টা
​বিদ্যুৎ ও জ্বালানি খাতের নেতৃত্ব দেবেন প্রকৌশলীরাই

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :