​নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ৫১

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০১:৪৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০১:৪৬:২০ অপরাহ্ন
নেপালের ‘জেনারেশন জেড’ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২১ বিক্ষোভকারী, ৩ পুলিশ সদস্য, ৯ বন্দি, ১৮ জন অন্যান্য এবং একজন ভারতীয় নারী রয়েছেন। এছাড়া ২৮৪ জন আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে নেপাল পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর দি হিমালয়ান টাইমস।

নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে জানান, বিক্ষোভ চলাকালীন দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ১৪ হাজার ৩০৭ জন বন্দি পালিয়ে গেছে। স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের সচিব ড. বিকাশ দেবকোটা জানান, এক হাজার ৭৭১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিক্ষোভ শুরু হয় সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুক, এক্স ও ইউটিউবসহ—নিষিদ্ধ করার পর। গত সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ জনতার ওপর গুলি চালালে অন্তত ১৯ জন নিহত হন, যার মধ্যে অনেকেই স্কুল-কলেজের শিক্ষার্থী ছিলেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও পুলিশের গুলিতে নিহতদের প্রতি ক্ষোভ ও সরকারের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত থাকে। বিক্ষোভকারীরা কয়েকটি শীর্ষ নেতার বাড়ি ও সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন, কাঠমাণ্ডু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে কিছু মন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এদিকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রেসিডেন্টের কার্যালয় ‘শীতল নিবাসে’ এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিয়ে ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।


বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :