​ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৪:৪২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৫:৪৯:৩৫ অপরাহ্ন
নির্বাচন কমিশনার(ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি।

সংসদীয় সীমানা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, আমরা প্রতিদিন আপডেট ভোটার সংখ্যা সংগ্রহ করেছি। ৬৪ জেলার গড় ও মোট সংখ্যা বিবেচনা করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। কোথায় এভারেজের ওপরে, কোথায় নিচে— এসব বিষয় বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বলেন, সীমানা নির্ধারণে এক জায়গায় জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা, আবার কোথাও প্রশাসনিক সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শতভাগ নির্ভুল করা কঠিন, তবে কমিশন যথাসম্ভব স্বচ্ছভাবে কাজ করেছে। 

ইসি আনোয়ারুল ইসলাম আরও জানান, চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সব পক্ষের বক্তব্য শোনা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন সম্পর্কিত প্রক্রিয়াও চলমান রয়েছে। চলতি মাসেই তা চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগ রাখা হবে।

সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :