​নির্বাচন নিয়ে সরকার-ইসির আন্তরিকতা যথেষ্ট নয়: গয়েশ্বর

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০২:৩৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০২:৩৮:১১ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের যথেষ্ট আন্তরিকতার অভাব রয়েছে। আমি বিশ্বাস করি, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কিছুটা আন্তরিকতা আছে। তবে সেটি যথেষ্ট নয়।

সোমবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরও দেশে নির্বাচন নিয়ে নানা আশঙ্কা বিরাজ করছে। একাত্তর ও ৭ই নভেম্বরের পরাজিত শক্তি এখনও দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র চালাচ্ছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভিপি নূরের ওপর হামলা এবং ডাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় মনে হচ্ছে, আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকার পাশাপাশি বিরোধী দল হিসেবেও দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছে। দলের দুঃসময়ে অনেক বড় নেতা দল ছেড়ে গেলেও তৃণমূলের কোনো নেতা-কর্মী কখনও বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যায়নি। বিএনপি হলো তৃণমূল মানুষের দল। বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন— বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :