​প্রকৌশল খাতে মেধাবী প্রকৌশলীদের অংশগ্রহণ হ্রাস পাচ্ছে : ডিবিইএ

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:২৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:২৮:৫০ অপরাহ্ন
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিপিডিসি বিএসসি ইঞ্জিনিয়ার'স এসোসিয়েশন (ডিবিইএ)। একই সঙ্গে নেসকোতে কর্মরত সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামানকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানায় ডিবিইএ।

এতে বলা হয়, ডিপিডিসি বিএসসি ইঞ্জিনিয়ার'স এসোসিয়েশন (ডিবিইএ) গভীর উদ্বেগের সাথে প্রত্যক্ষ করছে যে, সাম্প্রতিক সময়ে প্রকৌশল খাতে বিএসসি ইঞ্জিনিয়ারিংকে বিভিন্নভাবে অবমূল্যায়ণ করা হচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের চাকরির সুযোগ দিন দিন সংকুচিত করা হচ্ছে। ফলশ্রুতিতে দেশের প্রকৌশল খাতে মেধাবী প্রকৌশলীদের অংশগ্রহণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।

প্রকৌশল খাতে বৈষম্য নিরসন এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিতসহ ৩ দফা দাবিতে দেশের প্রকৌশল শিক্ষার্থীবৃন্দ "প্রকৌশলী অধিকার আন্দোলন" ব্যানারে আন্দোলন করছে। কিন্তু গত ২৭/০৮/২০২৫ইং তারিখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যৌক্তিক দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়েছে। ডিবিইএ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং হামলার ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছে।

এছাড়া চলমান আন্দোলনকে কেন্দ্র করে নেসকো-তে কর্মরত সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামানকে জবাইয়ের হুমকি প্রদান ও লাঞ্ছনার ঘটনায় দায়ী সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, ডিবিইএ মেধা, যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে দেশের প্রকৌশল খাতকে পুনর্গঠনে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা যৌক্তিক দাবিসমূহের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। ডিবিইএ প্রত্যাশা করছে যে, বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত কমিটি দেশ ও জাতির কল্যাণে প্রকৌশল শিক্ষার্থীদের উপস্থাপিত যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :