​১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ এনে দিলেন শীর্ষ শ্রেয়ান

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৪:১৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৪:১৪:১৮ অপরাহ্ন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের একান্ত প্রচেষ্টায় আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে পাওয়া গেছে প্রায় ১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ অ্যাল্টেপ্লেস। এখন থেকে স্ট্রোক ও হৃদ্‌রোগীরা এই অতি দামি ওষুধ রামেকে বিনামূল্যে পাবেন।

একটি ভায়ালের দাম প্রায় ৫০ হাজার টাকা, ওজন ৬০ কেজির বেশি হলে প্রয়োজন হয় দুই ভায়াল। ফলে দরিদ্র রোগীদের জন্য এতদিন এই ইনজেকশন প্রায় অপ্রাপ্যই ছিল। কিন্তু শীর্ষ শ্রেয়ানের উদ্যোগে সেই সীমাবদ্ধতা ভেঙে গেছে।

শীর্ষ যখন পঞ্চম বর্ষের ছাত্র, তখন থেকেই তিনি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গবেষণা টিমের সঙ্গে কাজ করছিলেন। সেখান থেকেই আন্তর্জাতিক পর্যায়ে তার পরিচিতি তৈরি হয়। সংস্থার প্রতিনিধিরা সরাসরি শীর্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার মেন্টর অধ্যাপক ডা. আজিজুল হক আযাদের সহায়তায় উদ্যোগ নেন। নানা প্রক্রিয়া শেষে অবশেষে ২ হাজার ৫০০ ভায়াল ওষুধ পৌঁছে যায় রামেকে।

২৫ আগস্ট ওষুধগুলো আসার পর ২৭ আগস্ট থেকে বিনামূল্যে রোগীদের দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনেই ব্যবহৃত হয় প্রায় ৭০টি ভায়াল।

শীর্ষ শ্রেয়ান বলেন,  ওষুধ আছে, সুযোগও আছে। কিন্তু রোগীরা যদি দেরি করে হাসপাতালে আসেন, তাহলে আর কাজে লাগবে না। শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া, এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসা উচিত। সময়ই এখানে সবচেয়ে বড় জীবনরক্ষাকারী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ বলেন, এই কৃতিত্ব শীর্ষের। তার জন্যই আজ এত রোগী বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। তিনি গোটা দেশের তরুণ চিকিৎসকদের জন্য এক অনুপ্রেরণা।

অধ্যাপক ডা. আজিজুল হক আযাদ বলেন, এই ওষুধ শুধু জীবন বাঁচাবে না, অসহায় রোগীদের নতুন করে বেঁচে থাকার সুযোগ দেবে। শীর্ষকে নিয়ে আমরা গর্বিত।

মাত্র ইন্টার্ন চিকিৎসক পরিচয়ে শীর্ষ শ্রেয়ান প্রমাণ করলেন মানবতার জন্য কাজ করতে চাইলে বড় পরিচয় নয়, বড় হৃদয়ই যথেষ্ট।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :