টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

​প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১০

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:০৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৪:৫৭:০৮ অপরাহ্ন
তিন দফা দাবিতে শাহবাগ মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।

বুয়েট শিক্ষার্থী ফাহিমুল আলম বলেন, ‘আমাদের স্পষ্ট দাবি—প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফা বাস্তবায়নে দ্রুত নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। পাশাপাশি প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া ডিপ্লোমা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’
 
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এতে আমাদের দুই সদস্যও আহত হয়েছেন।’
 
শিক্ষার্থীরা বর্তমানে শাহবাগ মোড় থেকে পিজি হাসপাতালে সামনে দিকে অবস্থান করছেন। অন্যদিকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন।  

শিক্ষার্থীরা জানান, প্রকৌশল পেশার মান রক্ষায় তাদের ৩টি দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এগুলো হলো—
 
১. সহকারী প্রকৌশলী বা সমমানের নবম গ্রেডের পদে নিয়োগ পরীক্ষার মাধ্যমে কেবল ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোটাভিত্তিক বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।

২. উপ-সহকারী প্রকৌশলী বা টেকনিক্যাল দশম গ্রেডের পদে নিয়োগ পরীক্ষার সুযোগ দিতে হবে ন্যূনতম ডিপ্লোমা ধারীদের এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিসম্পন্ন বিএসসি গ্র্যাজুয়েটদের জন্যও।

৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে আইইবি-বিএইটিই-এর অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে তিন দফা দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দেন প্রকৌশল শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি থেকে দুপুরে এ ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু। তাদের অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বেলা সোয়া ১১টায় শুরু হওয়া আন্দোলনে যোগ দেন বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটসহ সারা দেশের প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :