​জম্মু ও কাশ্মীর

সরকারি অফিসে পেনড্রাইভ, হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:৩৩:০৫ অপরাহ্ন
সাইবার নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় সরকারি অফিসগুলোতে পেনড্রাইভের ব্যবহার নিষিদ্ধ করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। একই সঙ্গে দাপ্তরিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি এম রাজু সোমবার (২৫ আগস্ট) এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের পর ভারতে সাইবার হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের সাইবার নিরাপত্তা আরও উন্নত করা, সংবেদনশীল সরকারি তথ্য সুরক্ষিত রাখা এবং ডেটা চুরি, ম্যালওয়্যার সংক্রমণ ও অননুমোদিত অ্যাকসেসের ঝুঁকি কমানো।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের আদেশে বলা হয়েছে, জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েট এবং সব জেলার ডেপুটি কমিশনারের কার্যালয়সহ সব প্রশাসনিক (সরকারি) বিভাগে দাপ্তরিক ডিভাইসে পেনড্রাইভের ব্যবহার নিষিদ্ধ করা হলো।

এ ছাড়া সরকার জম্মু ও কাশ্মীরে যেকোনো দাপ্তরিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ব্যবহারও ‘কঠোরভাবে নিষিদ্ধ’ করেছে। আদেশে বলা হয়েছে, সরকারি বা গোপনীয় তথ্য আদান-প্রদান বা সংরক্ষণের জন্য হোয়াটসঅ্যাপের মতো পাবলিক মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মে মাসে অপারেশন সিঁদুর চলাকালে জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ খাতসহ অধিকাংশ সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়। এ হামলাগুলো জনসেবা ও বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। কিছু কিছু পরিষেবা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছিলেন, ভারতে বিদ্যুৎ খাতের ওপর দুই লাখ সাইবার হামলা হয়েছে। তবে তিনি বলেন, এসব হামলা প্রতিরোধ করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :