​থ্রি ইডিয়টসের প্রিয় সেই অধ্যাপক আর নেই

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪৬:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪৬:২৫ পূর্বাহ্ন
বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর আমাদের মাঝে নেই। সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক কিছু জটিলতার কারণে তাকে ভর্তি করা হলেও ঠিক কী কারণে মারা গেছেন, তা স্পষ্ট করে জানানো হয়নি। তার শেষকৃত্য মঙ্গলবার ঠাণেতেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

অচ্যুত পোতদার ছিলেন এক অসাধারণ অভিনেতা, যার ক্যারিয়ার চার দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। তিনি ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। বাণিজ্যিক হোক বা সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের সিনেমাতেই সমান দক্ষতায় কাজ করেছেন তিনি। আক্রোশ, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং মারাঠি সিনেমা ভেন্টিলেটর। কিন্তু যেটি আজও অনেক দর্শকের মনে গেঁথে আছে, তা হলো ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় তার অধ্যাপকের চরিত্র। বিশেষ করে তার মুখের একটি সংলাপ— ‘আরে! কেহনা কেয়া চাহতে হো?’

এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে মিম হয়ে ঘুরে বেড়ায় এবং হাসির খোরাক জোগায়। অভিনেতা হিসেবে তিনি ছিলেন নিঃসন্দেহে নির্ভরযোগ্য, পর্দায় যার উপস্থিতি সবসময় আলাদা করে নজর কাড়ত। আজ তার চলে যাওয়া শুধু বলিউডের নয়, দর্শকের হৃদয়েও একটি শূন্যতা তৈরি করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :