চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টা

'আপনারা কি ওষুধ কোম্পানির দালাল, অত্যাচার বন্ধ করুন'

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৩:৫৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৪৩:০৭ অপরাহ্ন
নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়- অভিযোগ করে আইন উপদেষ্টা চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, পৃথিবীর কোনো দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের? প্লিজ, এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নাই।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভনেশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকের মালিকদের উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, আপনাদের মতে ৪-৫ বিলিয়ন ডলারের একটা বাজার আছে। এই বাজার আপনারা নিতে পারেন না? কেন মানুষ চিকিৎসার জন্য বিদেশ যেতে চায়? ভারত, ব্যংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায়, যারা জীবনেও ঢাকায় আসেনি। বিরক্ত ও নিরুপায় হয়ে যায়। তাদের যাওয়া বন্ধ করেন, এখানে সেবা দিলে মানুষ কখনোই বিদেশ যাবে না। যাওয়ার কোনও কারণই নাই। এই বাজার দখল করলে আপনাদের লাভ, দেশের লাভ। কোনও দেশে যেন মানুষ চিকিৎসার জন্য না যায়।

এ সময় কোনো রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান আসিফ নজরুল। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, সাহায্যকারী হিসেবে আমার বাসায় একটা ছেলে ছিল। সে এক দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যায়। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করিয়েছে, এত টেস্ট লাগেনি।

আইন উপদেষ্টা বলেন, আরেকটা অভিযোগ করা হয়, টেস্টের রেজাল্ট ভুল। অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয়, আমি খারাপ জায়গার কথা বলছি। একটা জেনারেল কমপ্লেইন যেটা আমার কাছে হৃদয়বিদারক লাগে, নার্সদের ব্যবহার খারাপ। নার্সদের মন খারাপ থাকে, হাসপাতালের কর্মচারীদের মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকেন, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না– নার্সদের বেতন ১২ হাজার টাকা, আপনারা কি কম টাকা লাভ করেন? আপনারা যারা অনেকে হাসপাতালের মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের কোটি টাকার বাগানবাড়ি থাকতে পারে, নার্সদের ভালো বেতন দিতে পারেন না? আমার বাসার কাজের লোক তিন বেলা খাবার পেতো, আমার বাসায় থাকতো, তাকেই তো বেতন দেওয়া হতো ১২ হাজার টাকা। নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে কি ভালো সেবা দেবে? সে তো বিরক্ত হয়ে থাকবে। আপনারা লাভ করেন কিন্তু ন্যায্যভাবে করেন।

তিনি বলেন, আজ মানুষ ভারত-থাইল্যান্ড যেতে চায় না। আপনাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে। আপনারা করোনাকালে প্রমাণ করেছেন। নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন। কর্মীর যদি বেতন বাড়িয়ে দেন সামান্য লাভ থেকে কতো টাকা চলে যাবে? যদি ১০০ কোটি টাকা লাভ করেন, তাহলে ১০ শতাংশ কম লাভ হয়। ১০ শতাংশ কম লাভের বিনিময় সেই কর্মী যে সেবা দেবে সেটা দিয়ে পূরণ হয়ে যায়। উপদেষ্টা হওয়ার কারণে আমার এই কথাগুলো বলার সুযোগ হয়েছে। আপনারা এদিকে একটু লক্ষ্য রাখবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :