​দাম কমলো ৩৩ ওষুধের

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৮:৩৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৮:৩৩:০২ অপরাহ্ন
সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। এ সিদ্ধান্তের ফলে সরকারের ওষুধ ক্রয়ে প্রায় ১১৬ কোটি টাকার সাশ্রয় হবে।

বুধবার (১৩ আগস্ট) এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা এই তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন, ইনজেকশনসহ মোট ৯ ধরনের ওষুধ।

সামাদ মৃধা আরও জানান, প্রতিষ্ঠানকে লাভজনক করতে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট ভেঙে দেওয়া, দুর্নীতি দমন এবং প্রায় ৭০০ অপ্রয়োজনীয় কর্মচারী ছাঁটাই। এর ফলে উৎপাদন বেড়েছে প্রায় ৫৯ কোটি টাকার সমপরিমাণ, আর কাঁচামাল কেনার দরপত্র উন্মুক্ত করার কারণে প্রতি মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি বলেন, ইডিসিএল-এর অধীনে নতুন দুটি প্ল্যান্ট স্থাপন করা হবে। এর মধ্যে একটি হবে ভ্যাকসিন উৎপাদনমুখী বায়োটেক প্ল্যান্ট, যেখানে ইনসুলিনসহ অন্যান্য বায়োলজিক্যাল পণ্য তৈরি করা হবে।

এছাড়া নিজেদের কারখানায় উৎপাদন বাড়িয়ে সরকারি চাহিদার ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। টোল ম্যানুফ্যাকচারিং ধীরে ধীরে বন্ধ করার প্রক্রিয়াও নেওয়া হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :