​জম্মু-কাশ্মীরে ফের গুলিবিনিময়, ভারতীয় সেনা নিহত

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:৪৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:৪৫:৪০ অপরাহ্ন
অপারেশন ‘সিন্ধু’র পর ফের বড় ধরনের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরে। এতে একজন ভারতীয় সেনা নিহত হন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে এই সংঘর্ষ হয়।

ভারতীয় সেনাসূত্র এনডিটিভিকে জানিয়েছে, ওই রাতে কিছু অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। ভারতীয় সেনারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। তাতে এক জওয়ান নিহত হন। অনুপ্রবেশ ব্যর্থ হলেও খারাপ আবহাওয়ার সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনো সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এটি অপারেশন ‘সিন্ধু’র পর প্রথম বড় হামলা। পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার জবাবে ভারত এই সামরিক অভিযান চালায়। তখন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারত বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালায়। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে অস্ত্রবিরতির চুক্তি হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে পৃথিবীর অর্ধেক ধ্বংস করে দিতে সক্ষম।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জবাবে জানায়, পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইল নতুন কিছু নয়। এ ধরনের মন্তব্য নিরাপদ পরমাণু নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সমাজের সন্দেহ আরও বাড়াবে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের পরমাণু হুমকির মুখে ভারত মাথানত করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :