সখীপুরে কয়েলের আগুনে কৃষকের ৪ গরু পুড়ে ছাই

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৪:০৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৪:০৫:৫৭ অপরাহ্ন
টাঙ্গাইলের সখীপুরে কয়েল থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের চারটি গরু। সোমবার (১১ আগস্ট) ভোররাতে উপজেলার আড়াইপাড়া বেগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক শাহ আলম জানান, মশার উপদ্রব থেকে গরুগুলোকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল জ্বালিয়ে রাখতেন। ভোর সাড়ে ৩টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান।

দ্রুত ঘর থেকে বেরিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোয়ালঘরসহ চারটি গরু পুড়ে যায়। তিনি জানান, সম্প্রতি দুটি ব্যাংক থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়ে গরু কিনে পালন শুরু করেছিলেন। আগুনে তার অন্তত ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ‘আমি অনেক যত্ন করে গরুগুলো পালন করছিলাম। সব শেষ হয়ে গেল,’ বলেন হতাশ কৃষক শাহ আলম।

এ বিষয়ে সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। শাহ আলমের বড় ধরনের ক্ষতি হয়েছে। গরু পালনসহ এ ধরনের কাজে আরো বেশি সচেতন থাকতে হবে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :