​কুয়াকাটায় ধরা পড়ল বিরল অ্যাঞ্জেল ফিশ

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৩:৫৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৩:৫৩:২২ অপরাহ্ন
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আনোয়ার নামে এক জেলের জালে ধরা পড়েছে ‘অ্যাঞ্জেলফিশ’ নামের বিরল প্রজাতির এক মাছ।

রোববার (১০ আগস্ট) সকালে মহিপুর বন্দরে নিয়ে আসলে মাছটিকে দেখতে হইচই শুরু হয়ে যায়। 

রঙিন ও দৃষ্টিনন্দন একটি সামুদ্রিক মাছ ‘অ্যাঞ্জেলফিশ’। মূলত উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীরের পরিবেশে এর বসবাস। মাছটির বৈজ্ঞানিক নাম পোমাক্যান্থাস ইম্পেরেটর (Pomacanthus imperator)। মাছটির আকার ১৬ ইঞ্চির মতো। গায়ের গাঢ় নীল পটভূমিতে হলুদ অনুভূমিক দাগ, মুখে নীল-কালো ‘মাস্ক’ প্যাটার্ন।

জেলে আনোয়ার জানান, গত ৪ আগস্ট ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিশিং ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে বিরল এই মাছটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোবহান শিকদার বলেন, এমন মাছ আমার জীবনে দেখিনি। মাছটি দেখতে অবিকল অ্যাকুরিয়ামে থাকা মাছের মতো। বাসার সবাইকে দেখানোর জন্য মাছটির কয়েকটি ছবি তুলে নিয়েছি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির আকন বলেন, প্রথম দেখে মাছটিকে আমি বাসায় নিয়ে এসেছি। তবে এ জাতীয় মাছ আমি এই প্রথম দেখলাম। মাছটি খাওয়া যায় কিনা, সে বিষয়ে আমার জানা নেই।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ’র গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটির নাম ‘অ্যাঞ্জেলফিশ’। বৈজ্ঞানিক নাম পোমাক্যান্থাস ইম্পেরেটর (Pomacanthus imperator)। এটি অত্যন্ত রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চল। সর্বোচ্চ প্রায় ৪০ সেমি (১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে মাছটি।

তিনি বলেন, মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে। বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না। কারণ,আমাদের উপকূলীয় অংশ মূলত কাদামাটি, বালুময়, প্রবাল প্রাচীর তেমন নেই। তবে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর সংলগ্ন, মায়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবাল প্রধান এলাকা আছে।

এ গবেষক আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও স্রোতের ধরণ বদলের কারণে কিছু সামুদ্রিক প্রজাতি তাদের আবাসক্ষেত্র প্রসারিত করছে। এর কারণে হয়তো এই প্রজাতিটি বাংলাদেশের জেলেদের জালে ধরা পড়ছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :