​টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে রোববার

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৫০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৫১:২৯ অপরাহ্ন
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রয় কার্যক্রম অব্যাহত রেখেছে। এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য রোববার (১০ আগস্ট) থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকারি এই সংস্থাটি।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) এই কার্যক্রম চলবে। 

এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লায় ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি ও বাগেরহাটে ৫টি ট্রাক ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার ছাড়া) পণ্য বিক্রি করবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তাদের জন্য ভোজ্যতেল ২৩০ টাকা (২ লিটার), চিনি ৮০ টাকা (১ কেজি) এবং মশুর ডাল ১৪০ টাকা (২ কেজি) দরে বিক্রি করা হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিক্রয় মূল্য আগের মতোই বহাল থাকবে।

এর আগে তেলের দাম লিটারে সর্বশেষ ১৩৫ টাকা, ডালের দাম ৮০ টাকা এবং চিনির দাম ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে, একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে প্রতি কেজি ৩০ টাকায় ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকায় ২ কেজি মশুর ডাল এবং প্রতি কেজি ৭০ টাকায় ১ কেজি চিনি কেনা যাবে। এই চারটি প্যাকেজের মোট মূল্য ৫৪০ টাকা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :