​তৃষ্ণাদের গোলবন্যায় ভেসে গেল তিমুর লেস্তে

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৫:৩৭:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৭:৪৪:১১ অপরাহ্ন
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতেছে। দুই অর্ধে চারটি করে গোল করেছে তারা। তিমুর লেস্তের বিপক্ষে  ৮-০ গোলে জিতেছে পিটার বাটলারের দল। তৃষ্ণা করেন হ্যাটট্রিক। 

টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের গ্রুপের রানার্সআপ হওয়া নিশ্চিত।

শুক্রবার (৮ আগস্ট) ভিয়েনতিয়েনের নিও লাওস স্টেডিয়ামে ৮ মিনিটে বাংলাদেশ বেঁচে যায়। তিমুর লেস্তের একজনের প্রচেষ্টা নবীরন ফিরিয়ে দেন। 

২০ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। কর্নার থেকে ভেসে আসা বলে দ্বিতীয় পোস্টের সামনে থেকে ফাঁকায় হেডে গোল করে দলকে এগিয়ে নেন শিখা সিনহা।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। শান্তি মার্ডির বাঁ পায়ের কর্নার বাঁক খেয়ে দূরের পোস্টের মাঝে লেগে জড়িয়ে যায় জালে।

৩৬ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। এবারও শান্তি মার্ডি নেপথ্যে। তার নেওয়া কর্নারে নবীরন জোরালো হেডে জাল কাঁপান।

যোগ করা সময়ে বাংলাদেশ চতুর্থ গোল পায়। সাগরিকার পাসে তৃষ্ণা দারুণ প্লেসিং গোলে তিমুর লেস্তেকে ব্যাকফুটে ফেলে দেন।

চার গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় বাটলারের শিষ্যরা। বিরতির পর বাংলাদেশ একই গতিতে খেলতে থাকে। গোলও আসে। 

শুরুর দিকে গোলমুখে  জটলার ভেতর থেকে পাওয়া বল জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান তৃষ্ণা। 

৭২ মিনিটে ষষ্ঠ গোল আসে সাগরিকার পা থেকে। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। মধ্যমাঠ থেকে বল পেয়ে অনেকটা পথ দৌড়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন সাগরিকা। সেই বল পেয়ে অনায়াসে জালে জড়ান তৃষ্ণা।

যোগ করা সময়ে বাংলাদেশ অষ্টম ও শেষ গোলের দেখা পায়। মুনকি আক্তার জটলা থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান।

রোববার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​চার গোলে এগিয়ে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :