দেশের পরিস্থিতি নিয়ে বিদেশিদের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১১-২০২৬ ০৮:১৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৬ ০৮:১৯:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা নেই এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশিদেরও কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলন ও তাদের ন্যায্য দাবিকে পুঁজি করে পতিত ফ্যাসিবাদী সরকার কিছুটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে মাত্র। তবে এটিকে কোনোভাবেই রাজনৈতিক অস্থিতিশীলতা বলা যায় না এবং বিষয়টি বাংলাদেশের সব উন্নয়ন সহযোগী (ডেভেলপমেন্ট পার্টনার) ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে।
বৈদেশিক সম্পর্কের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে শামা ওবায়েদ জানান, কারও সঙ্গেই বাংলাদেশের শত্রুতা নেই; বরং যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা হবে।
গঙ্গা পানিবণ্টন চুক্তির বিষয়ে তিনি বলেন, এই চুক্তি নবায়নের বিষয়ে ভারতের চিঠির আশা এখনো ছাড়ছে না বাংলাদেশ। বাংলাদেশের পাশাপাশি ভারতও নিশ্চয়ই এই চুক্তির গুরুত্ব অনুধাবন করে বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া আসন্ন মহান বিজয় দিবসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সম্ভাব্য ঢাকা সফর বাতিল হওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী জানান, নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই তিনি এবার ঢাকা সফরে আসছেন না।
পাশাপাশি ভারতে অবস্থানরত বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে এ বিষয়ে ভারতের পূর্ণ সহযোগিতা পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স