চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিতরণী সংস্থাগুলো প্রধানদের নিয়ে বৈঠক করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বিদ্যুৎ উপকেন্দ্রসহ সকল বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ বিতরণী সংস্থাগুলো প্রধানরা স্বশরীরে উপস্থিত ছিলেন। আর মাঠ পর্যায়ের কর্মকর্তারা জুমে যুক্ত ছিলেন।
বৈঠকে সকল সাবস্টেশনের নিরাপত্তা জোরদার করা, স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধির সাথে সমন্বয় করা, রাজনৈতিক কর্মী, জনগণকে সচেতন ও সজাগ করে নাশকতাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়। বিষয়গুলো সার্বক্ষণিক মনিটরিং করার কথাও জানানো হয়। এছাড়া যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আতংক ছড়াচ্ছে তাদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় নাশকতা প্রতিরোধে বিতরণী সংস্থাগুলো প্রধানদের গৃহীত ব্যবস্থা মন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী নাশকতাকারী এবং দায়িত্বপালনে অবহেলাকারী সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ার করেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা জোরদারে বিদ্যুৎ বিভাগের চিঠি