ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেটিসে নীরবে নষ্ট হতে পারে দৃষ্টিশক্তি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৪:১৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৪:১৮:৩৬ অপরাহ্ন
ডায়াবেটিসে নীরবে নষ্ট হতে পারে দৃষ্টিশক্তি ​ছবি: সংগৃহীত
ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর বেশির ভাগ মানুষ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, কিডনি ও হৃদযন্ত্রের সুস্থতা নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন। তবে এ রোগে চোখেরও মারাত্মক ক্ষতি হতে পারে, যা অনেক সময় শুরুতে বোঝার উপায় থাকে না। এমনকি চোখে ঝাপসা দেখা বা অন্য কোনো উপসর্গ না থাকলেও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চিকিৎসকদের মতে, ডায়াবেটিসের কারণে চোখে একাধিক জটিলতা তৈরি হতে পারে। সময়মতো এসব সমস্যা শনাক্ত করে চিকিৎসা না নিলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। চোখের চিকিৎসক এবং প্রিস্টিন আই হসপিটালসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. সি জগদেশ রেড্ডি এ বিষয়ে সতর্ক করেছেন।

ডায়াবেটিস কীভাবে চোখের ক্ষতি করে

ডা. রেড্ডির ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে চোখের রেটিনার সূক্ষ্ম রক্তনালিগুলো দুর্বল হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। রেটিনা হলো চোখের পেছনে অবস্থিত আলোকসংবেদনশীল অংশ। এই অংশের রক্তনালিতে ক্ষতি হলে যে রোগ তৈরি হয়, তাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়। এ ছাড়া ডায়াবেটিসের কারণে চোখে আরও কয়েক ধরনের জটিলতা দেখা দিতে পারে।

১. ডায়াবেটিক রেটিনোপ্যাথি: দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে রেটিনার ক্ষুদ্র রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে চোখের ভেতরে রক্তক্ষরণ, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং গুরুতর অবস্থায় অন্ধত্ব দেখা দিতে পারে।

২. ম্যাকুলার এডিমা: রেটিনার গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলায় তরল জমে ফুলে গেলে এ সমস্যা তৈরি হয়। এতে দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং ছোট বা সূক্ষ্ম বিষয় স্পষ্টভাবে দেখতে অসুবিধা হয়।

৩. ছানি: ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চোখে ছানি পড়ার আশঙ্কা তুলনামূলক বেশি। এ সমস্যায় চোখের লেন্স ধীরে ধীরে ঘোলা হয়ে আসে এবং দৃষ্টিশক্তি কমতে থাকে।

৪. গ্লুকোমা: ডায়াবেটিসের কারণে গ্লুকোমা হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। এ রোগে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। যথাসময়ে চিকিৎসা না করালে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন

ডায়াবেটিসজনিত চোখের সমস্যার অন্যতম বিপজ্জনক দিক হলো, প্রাথমিক পর্যায়ে অনেকেরই কোনো উপসর্গ দেখা যায় না। চোখে স্বাভাবিকভাবে দেখতে পেলেও রেটিনার ক্ষতি চলতে পারে। রোগের অবস্থা জটিল হলে চোখে ঝাপসা দেখা, দৃষ্টির সামনে কালো দাগ বা ছায়া ভেসে ওঠা এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো লক্ষণ প্রকাশ পেতে পারে।

তবে এসব উপসর্গ দেখা দেওয়ার আগেই চোখের রোগ অনেকটা অগ্রসর হতে পারে। তাই দৃষ্টিতে কোনো সমস্যা না থাকলেও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চোখ পরীক্ষা করানো জরুরি বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

যেভাবে চোখের সমস্যা শনাক্ত করবেন

ডা. রেড্ডির পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বছরে অন্তত একবার পূর্ণাঙ্গ চোখ পরীক্ষা করানো উচিত। তবে ব্যক্তির চোখের অবস্থা ও ঝুঁকির মাত্রা বিবেচনায় চিকিৎসক আরও ঘন ঘন পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেও ডায়াবেটিসজনিত চোখের সমস্যা শনাক্ত করা হচ্ছে। বিশেষ ক্যামেরার সাহায্যে রেটিনার ছবি তোলার পর এআই সফটওয়্যার তা বিশ্লেষণ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথির সম্ভাব্য লক্ষণ চিহ্নিত করতে পারে। এর মাধ্যমে যাদের আরও বিস্তারিত পরীক্ষা প্রয়োজন, তাদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। তবে এ প্রযুক্তি পূর্ণাঙ্গ চোখ পরীক্ষার বিকল্প নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

ডায়াবেটিসজনিত চোখের জটিলতা এড়াতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রাও স্বাভাবিক রাখতে হবে। পাশাপাশি চোখে সমস্যা দেখা দেওয়ার অপেক্ষা না করে নিয়মিত পরীক্ষা করানো প্রয়োজন। কারণ এ রোগে দৃষ্টিশক্তির ক্ষতি অনেক সময় অজান্তেই শুরু হয়। শুরুতেই সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ