পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত বেড়ে দুই
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-১১-২০২৬ ০৩:৩১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৬ ০৩:৩১:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন জাজিরার ইব্রাহিম সিপাই এবং মাদারীপুরের শিবচর উপজেলার নিজাম মৃধা (৪৫)। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নিজাম মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে। সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে যোগ দিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
এর আগে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাই নামে আরেকজন নিহত হন। শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা।
স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। দুই পক্ষের মধ্যে বাধা দেওয়া ও পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলির পাশাপাশি দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পিছু হটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁ এবং পাশের একটি খাবারের হোটেলেও আগুন দেওয়া হয়।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এর আগে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হতে পারে—এমন খবর পেয়ে পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স