ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০১:০৩:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০১:০৩:১০ অপরাহ্ন
সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭ ছবি : সংগৃহীত
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে-এমন তথ্য পেয়ে সাগরে নজরদারি শুরু করেন কোস্ট গার্ড সদস্যরা। একপর্যায়ে সন্দেহভাজন ট্রলারটির অবস্থান শনাক্ত করে থামার সংকেত দেওয়া হয়।

তবে সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন ট্রলারের চালক। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়।

ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৩১৭ জনকে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং অন্যরা বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠেছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
 
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘সাগরপথে মানবপাচারের চেষ্টা নস্যাৎ করে ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে টেকনাফে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।’

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ