ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল অটোভ্যান চালকসহ ২ জনের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল অটোভ্যান চালকসহ ২ জনের ছবি : সংগৃহীত
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের সংঘর্ষে ট্রাকের চাপায় অটোভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

আহতরা হলেন মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা বড় হাটে যাওয়ার জন্য আব্দুল মমিনের অটোভ্যানে করে যাচ্ছিলেন কৃষক নজরুলসহ কয়েকজন। পথে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক আব্দুল মমিন ও যাত্রী নজরুল হোসেনের মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ