সাত পাকে বেঁধে বট-পাকুড়ের ব্যতিক্রমধর্মী বিয়ে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১১-২০২৬ ০৩:৫৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৬ ০৩:৫৯:৪৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বেঁধে ব্যতিক্রমধর্মী এক বিয়ে সম্পন্ন হয়েছে। এই ব্যতিক্রমী বিয়ের বর হচ্ছে পাকুড় গাছ এবং কনে বটগাছ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে শতশত গ্রামবাসীর উপস্থিতিতে সনাতন ধর্মের রীতি মেনে পুরোহিত মন্ত্র পড়ে পাকুড় গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের এই ব্যতিক্রমধর্মী বিয়ে সম্পন্ন করেন।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) কয়েকশ লোকের দুপুরে ভোজনও হয়েছে।
এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো পাশাপাশি একটি বট ও একটি পাকুড়গাছ জড়াজড়ি করে বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে গাছ দুটি ঝড়ে ভেঙে পড়ায়, স্থানীয় লোকজন পুরোনো জুটির স্মৃতি ধরে রাখতে পাশে নতুন একটি বট ও একটি পাকুড়ের চারা রোপণ করেন। তিন বছরের যত্নে চারা দুটি এখন বেশ বড় হয়েছে। গ্রামের বয়েজেষ্টরা তাদের এক করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিয়ের আগে বর কনের নামও ঠিক করা হয়। পাকুড় গাছটিকে গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে নাম দেওয়া হয়েছে তীর্থ শিকদার। আর বটগাছটিকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে নাম দেওয়া হয়েছে শুক্লা সরকার। প্রথমে বর ও কনের নাম প্রস্তাব করেন চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার। গ্রামবাসী তাতে একমত হন। বিয়েতে পুরোহিত মন্ত্র পড়ে শুভদৃষ্টি ও সাত পাকে নবদম্পতিকে বাঁধবেন বলে সিদ্ধান্ত হয়।
এ উপলক্ষ্যে গ্রামজুড়ে উৎসবের আমেজ, ফেসবুকে ঘুরে বিয়ের দাওয়াতপত্র। শতশত গ্রামবাসীর সমাগমে বর্ণিল আয়োজনে এই বিয়ে অনুষ্ঠানের সিদ্ধান্তও নেওয়া হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার রাতে লগ্ন অনুযায়ী বট-পাকুড়র বিয়ের মন্ত্র পড়ান পুরোহিত মনতোষ গোস্মামি। শুভ দৃষ্টির মাধ্যমে সাত পাকে বাঁধার মাধ্যমে শত শত গ্রামবাসীর উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে বরযাত্রী প্রতীকী বর সাজিয়ে কনের বাড়িতে আসে। ছোট ছোট ছেলে মেয়েরা গেইট সাজিয়ে বর যাত্রীকে আটকে দেয়। বর যাত্রীরা পাঁচশত টাকা দিয়ে লাল ফিতা কেট কনের বাড়িতে প্রবেশ করেন।
জানা গেছে, গ্রামের ভাতগ্রাম-বরাটি সড়কের দক্ষিণ পাশে ভেঙে পড়া গাছের গুঁড়ির অংশ এখনো পড়ে আছে। তার পাশেই সাজানো হয়েছে নতুন বর-কনে। চিকন হলেও পাকুড় গাছটি উচ্চতায় প্রায় ১৫ ফুট, বটগাছ প্রায় ১২ ফুট। গাছ দুটির চারপাশে ইট সিমেন্টের গোল বেষ্টনী। এর দক্ষিণ–পূর্ব ও দক্ষিণ পাশে আরও দুটি বটগাছ আছে। পুরো গ্রাম জুড়ে সাজসাজ রব। সবার মুখে শুধু বট পাকুড়েরর বিয়ে নিয়ে কথা। গ্রামের বাইরে অবস্থানরত চাকরিজীবীরা অনেকেই এসে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।
গ্রামের বাসিন্দা ও বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার বলেন, ভেঙে পড়া গাছ দুটির সঠিক বয়স কেউ জানে না। জন্মের পর থেকেই তিনি গাছ দুটি দেখেছেন। তার বাবা ও দাদাও দেখেছেন। গাছের পাশের জায়গায় বার্ষিক ক্রীড়া, রথযাত্রা ও মেলা হতো। তাদের এলাকার পরিচয় ছিল গাছ দিয়ে। গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি ছিল বলে তার ধারণা। তাদের স্মৃতি ধরে রাখতে গ্রামবাসী নতুন গাছ দুটি রোপন করেছে। আর সেই নতুন গাছ দুটিকে জুটি হিসেবে বেধে দিতেই এই বিয়ের আয়োজন।
গ্রামের বাসিন্দা চন্দ্র মোহন শিকদার বলেন, তিন বছর আগে হঠাৎ ঝড়ে জোড়া বট আর পাকুড় গাছ পড়ে যায়। গাছের গোড়া অর্ধেক উঠে যায়। রাস্তার উপর পড়ে চলাচল বন্ধ হয়েছিল। গাছ কাটার লোক ডাকা হলো। কিন্তু প্রবীণ গাছ, পূজাঅর্চনা হতো। এ জন্য কেউ কাটতেও চাইল না। রাস্তা পরিষ্কার করে পাশে সরিয়ে রাখা হলো। পাশেই জায়গা পরিষ্কার করে আমরা বট আর পাকুড় আবার বুনলাম। গাছ এখন সাবালক হয়েছে। শাস্ত্রমতে তাদের বিয়েও দেওয়া হলো।
গ্রামের বাসিন্দা ও কনের ভাই শিশির সরকার বলেন, মানুষের বিয়েতে যে ধরনের আনুষ্ঠানিকতা হয় ঠিক একই আনুষ্ঠানিকতার মাধ্যমে এই বিয়েটি সম্পন্ন হয়েছে। পুরোনো বট পাকুড়ের স্মৃতি ধরে রাখতে নতুন করে রোপন করা গাছ দুটির বিয়ে দেওয়া হয়েছে। তা ছাড়া বিভিন্ন স্থানে যেভাবে বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করা হচ্ছে, আমরা এই বিয়ে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছি।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তার দুই মেয়ে। তিনি বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে। এ বিয়েতে কোনো যৌতুক নেই। যৌতুক ছাড়া এই বিয়েতে গ্রামের এবং আশপাশের শতশত লোক বিয়ের অনুষ্ঠানে এসেছে। সবমিলিয়ে পুরো গ্রাম জুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
কনের বাবা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি বলেন, ১৯৯৬ সালে তার ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। সেই কষ্ট ভুলতেই তিনি বটগাছটির (শুক্লা সরকার) বাবা হয়েছেন।
তার ভাষ্য, ‘সাধারণত বিয়ের পর কনেকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। এ নিয়ে অনেক সময় পারিবারিক সমস্যাও হয়। এই বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার মেয়ের সঙ্গে কারও বিবাদ হবে না। বর কনে আজীবন পাশাপাশি থাকবে। আমি আর চিত্ত রঞ্জনও সারা জীবন আত্মীয়তায় আবদ্ধ থাকতে পারব। আমাদের এক অপরের বাড়িতে আত্মীয়র মতই যাতায়াত থাকবে।
বিয়ের মন্ত্র পড়া পুরোহিত মনতোষ গোস্মামি বলেন, এ ধরনের বিয়ে এর আগে আমি দেখেছি ভারতে। সেখান থেকে কিছু নিয়ম কানুন নোট করে রেখেছি। সেই আলোকে আজ এই বিয়ের মন্ত্র পড়ানো হয়েছে। এই বিয়ে পড়াতে পেরে আমি খুবই আনন্দিত।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স