তিন বছরে ইলিশ উৎপাদন কমেছে ১০ শতাংশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১১-২০২৬ ১২:০২:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৬ ১২:০২:০২ অপরাহ্ন
ফাইল ছবি
এক দশক ধরে বাংলাদেশে ইলিশের উৎপাদন বাড়লেও তিন অর্থবছরে তা কমেছে প্রায় ১০ শতাংশ। এ পরিস্থিতিতে ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র রক্ষায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন গবেষক ও বিশেষজ্ঞরা।
তাদের মতে, বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালায় এসব কথা উঠে আসে। কর্মশালার উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
কর্মশালায় ইলিশ গবেষক মোহাম্মদ আনিসুর রহমান জানান, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশের বেশি আসে বাংলাদেশের জলসীমা থেকে।
২০১২-১৩ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন ছিল ৩ লাখ ৫১ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে রেকর্ড ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছায়। তবে এরপর থেকে উৎপাদন কমতে শুরু করেছে।
উৎপাদন হ্রাসের কারণ হিসেবে অতিরিক্ত ও অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার, বিচরণক্ষেত্রে পলি জমা, নতুন চর জেগে ওঠা, পানিদূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ইলিশের জীবনচক্র নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশের সঙ্গে যুক্ত। তাই শুধু জাতীয় পর্যায়ে নয়, সীমান্ত অতিক্রম করে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নিষিদ্ধ জাল ও অতিরিক্ত মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। পাশাপাশি ইলিশ সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
বঙ্গোপসাগরীয় কর্মসূচি আন্তসরকারি সংস্থার (বিওবিপি-আইজিও) পরিচালক পি কৃষ্ণ বাংলাদেশকে ইলিশ সংরক্ষণে রোল মডেল হিসেবে উল্লেখ করেন।
ভারতের গবেষক অমিয় সাহু আঞ্চলিক ডেটাবেজ, বিশেষ টাস্কফোর্স ও আন্তসরকারি সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন। মিয়ানমারের গবেষক কিন মং সোয়েও অনিয়ন্ত্রিত মাছ আহরণকে উৎপাদন কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।
কর্মশালায় জেলেদের জীবিকার বিষয়টিও গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, ক্ষুদ্র জেলেদের ঋণের ফাঁদ থেকে রক্ষায় সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে হবে।
কর্মশালার আহ্বায়ক ইলিশ গবেষক আবদুল ওয়াহাব বলেন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ইলিশ উৎপাদন আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব।
বিওবিপি-আইজিও, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডফিশ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স