ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো: মাহদী আমিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৪:১৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৪:১৭:২৮ অপরাহ্ন
বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো: মাহদী আমিন ফাইল ছবি
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রফতানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল; যা আজ দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মাধ্যমে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়। সেই কালজয়ী ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রফতানিতে সূচিত হলো নতুন অধ্যায়। সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল প্রেরণ করা হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চলমান এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

​প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিএনপি সরকারের লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ একজন কর্মীর বিদেশযাত্রা শুধু তার ব্যক্তিগত স্বপ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং আপনজনদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা। তাদের ঘামঝরা শ্রম ও কষ্টার্জিত উপার্জনে সমৃদ্ধ হয় দেশ, বদলে যায় লাখো পরিবারের জীবন, শক্তিশালী হয় বাংলাদেশের অর্থনীতি।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, শহীদ জিয়ার সূচিত পথ, দেশনেত্রীর প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং গণমানুষের নেতার নেতৃত্বে এই অগ্রযাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। জনবান্ধব সরকারের দৃঢ় প্রত্যয় এই যে, বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা নয়; বরং প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
 
 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ