জাবিতে প্রজাপতি মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১১-২০২৬ ০৩:৩৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১১-২০২৬ ০৩:৩৪:৪৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ‘প্রজাপতি মেলা ২০২৬’। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে। প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকেই পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর দায়িত্ব পালনকালে আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না।
প্রকৃতি সংরক্ষণ তাঁর নিজের জীবন সুরক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
উপাচার্য আরো বলেন, আমরা ক্যাম্পাসে এমন একটি প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ অন্যরা।
এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের বিশিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি।
এ ছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় স্থান অর্জন করেন মাসুক আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ইকবাল এইচ. বাবু।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স