ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩৮:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩৮:২০ অপরাহ্ন
​খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল ​ছবি: সংগৃহীত
ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও (কার্ব মার্কেট) ঊর্ধ্বমুখী মার্কিন ডলারের দাম। সরবরাহ সংকটের বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় নগদ ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকা ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দিন ধরে প্রতি ডলার ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে বিক্রি হচ্ছে। অথচ মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত বিক্রয়মূল্য ১২৯ টাকা ৫০ পয়সা। বর্তমানে ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার মিলছে না।

বাজার সংশ্লিষ্টরা জানান, মাত্র দুই সপ্তাহ আগেও খোলাবাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে লেনদেন হয়েছে। এমনকি গত মঙ্গলবারও দর ১৩০ টাকার নিচে ছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে নগদ ডলারের দাম বেশ খানিকটা বেড়ে গেছে।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং খাতেও ডলারের দর বাড়তি। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ডলার ১২৫ থেকে ১২৬ টাকায় কিনছে এবং আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সা দরে বিক্রি করছে।

মানি চেঞ্জার ব্যবসায়ীরা জানান, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী নগদ ডলার না পেয়ে সাধারণ গ্রাহকরা খোলাবাজারে ভিড় করছেন। এতে হঠাৎ করেই নগদ ডলারের চাহিদা বেড়ে গেছে। অন্যদিকে, বিদেশগামী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় বাজারে নগদ ডলারের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

এ ছাড়া অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে প্রত্যাশিত গতি না থাকায় সামগ্রিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ