গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, চরম ভোগান্তি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০৫:০০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০৫:০০:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে বুধবার রাত থেকে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন বন্ধ রয়েছে। হঠাৎ এই সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন জেলার কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে বা স্বজনদের কাছে পাঠাতে না পেরে এজেন্টদের দোকান থেকে খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টগুলোতে এমন ভোগান্তির চিত্র দেখা যায়। লেনদেন করতে গিয়ে গ্রাহকদের মোবাইলে অ্যাকাউন্ট বন্ধের বার্তা আসছে।
শহরের ফুটপাতের চা বিক্রেতা আরিফুল জানান, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে সাত হাজার টাকা পাঠাতে গিয়ে দেখেন তার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ। সময়মতো বীজ কিনতে না পারলে ধানের চারা রোপণ পিছিয়ে যাবে এবং বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তিনি।
দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী পবিত্র বিশ্বাস ও বনগ্রামের কৃষক শাহজাহান চৌধুরী জানান, ঢাকায় ও শহরে থাকা সন্তানদের মেসের খাবার ও পড়াশোনার খরচ পাঠাতে পারছেন না তারা। পবিত্র বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয়; যাদের বিরুদ্ধে অভিযোগ আছে শুধু তাদের অ্যাকাউন্ট বন্ধ রাখা উচিত।
লেনদেন বন্ধ থাকায় আয় কমে গেছে এজেন্ট ব্যবসায়ীদেরও। চৌরঙ্গী রোডের এক ব্যবসায়ী এবং বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা জানান, জেলার অধিকাংশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় দোকানে গ্রাহক নেই বললেই চলে। সব লেনদেন বন্ধ না করে নির্দিষ্ট সীমা নির্ধারণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে রকেটের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান জানান, অ্যাকাউন্ট বন্ধ রাখার কোনো সরকারি বা দাপ্তরিক নির্দেশনা তারা পাননি। তবে গ্রাহকদের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখতে তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে, বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব জানান, কোনো এজেন্ট নম্বর বন্ধ হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে খোলা অধিকাংশ ব্যক্তিগত অ্যাকাউন্টে এই সমস্যা দেখা দিয়েছে। বেশি লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখতেই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স