ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​তিতাসে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৪৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:০৭:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:০৭:৪৫ অপরাহ্ন
​তিতাসে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৪৫ হাজার টাকা ​ছবি: সংগৃহীত
কুমিল্লার তিতাস উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ, অনুমোদনের অতিরিক্ত চুলা এবং অবৈধ বুস্টার ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বাতাকান্দি বাজারের মাজারের দক্ষিণ পাশে ও দক্ষিণ আকালিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৮টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া ১৩টি অবৈধ রাইজার স্থায়ীভাবে কেটে দেওয়া হয় এবং পাঁচজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজিডিসিএল সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে দুটি স্থানে মোট ৯২টি আবাসিক সংযোগ পরিদর্শন করা হয়। এর মধ্যে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে দুটি, অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে তিনটি এবং অবৈধ বুস্টার ব্যবহারের দায়ে একটি সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া নকশাবহির্ভূত স্থানে গ্যাস ব্যবহারের অভিযোগে আরও একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ১১টি অব্যবহৃত রাইজারও শনাক্ত করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আনজুম। এ সময় বিজিডিসিএলের প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি র‍্যাব ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইন উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক গ্যাস শিল্প খাতে ব্যবহারের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এ কারণে গৃহস্থালির কাজে বিকল্প জ্বালানি ব্যবহারে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ