ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​নদীতে নিখোঁজ এক

বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত এক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০১:২৫:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০১:২৫:৩২ অপরাহ্ন
বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত এক ​ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে মাঝনদীতে আলমগীর দেওয়ান নামে আরও একজন নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষে সেলিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ সদর জেনারেল হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে নিখোঁজ ব্যক্তির বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মাঝনদীতে আলমগীর দেওয়ান নামে একজন নিখোঁজ হন। তাঁর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ