ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিন পর ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১২:৫২:২৭ অপরাহ্ন
একদিন পর ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত ​ছবি: সংগৃহীত
একদিন কমানোর পর আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দিন এই দাম ছিল ১৬ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে বেড়েছে ৯০ টাকা। সেই হিসাবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। নতুন দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ২০৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৩ হাজার ৯২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেই হিসাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২১৮ টাকা।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস। ওই দিন নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। তার আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছিল। এতে দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

এ ছাড়া সোমবার (২৩ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে রবিবার (২২ নভেম্বর) দাম কমানো হয়েছিল ৬ হাজার ১৮১ টাকা। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে স্বর্ণের বাজারে একাধিকবার দাম সমন্বয় করেছে বাজুস।

রুপার নতুন দাম

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অলংকার কিনতে মজুরি দিতে হবে

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে।

পুরোনো স্বর্ণালংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ বাদ দিতে হবে। আর পুরোনো স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে বাদ দিতে হবে ১৫ শতাংশ। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ