ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ১১:৩০:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০১:২১:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। বাবার হত্যাকাণ্ডের বিচার চেয়েও সরব ভূমিকা পালন করেন ডরিন।
ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি ঠিকানায় বসবাস করেন।
তবে কোন মামলায় এবং ঠিক কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি ডিবি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স