ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১১:২৩:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১২:৪২:৫৩ অপরাহ্ন
​চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ​ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে ঘিরে সৃষ্ট দীর্ঘদিনের সংকটের কোনো স্থায়ী সমাধান না হওয়ায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ওই সভা শেষে শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে পুনরায় শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন।

সভা শেষে দিবাগত রাত ২টার দিকে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান এই যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা সেশনজটসহ নানা ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আজ থেকে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, “গত দুই মাস ধরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।”

এদিকে, ঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। অন্যদিকে, একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করলে টানা ৩৬ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। পরবর্তীতে গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হলেও মূল সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও অচল হয়ে পড়ল চুয়েট ক্যাম্পাস।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ