সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০৭:৩৯:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০৭:৫৫:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শঙ্কাটা আগে থেকেই ছিল। ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ। জানার অপেক্ষা ছিল ইনিংসের সঙ্গে কত রানে হারবেন নাজমুল হোসেন শান্তর দল।
অপেক্ষা খুব একটা করতে হলো না। টেস্টের তৃতীয় দিন শেষ না হতেই জানা গেল। ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এ হারে দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশও হলো বাংলাদেশ।
সেঞ্চুরিয়নের হারটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ হারটি ২০১৭ সালে। ব্লুমফন্টেইনে সেবার ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশকে এমন বিব্রতকর হার ‘উপহার’ দিয়েছেন উইয়ান মুল্ডার। রেকর্ড বোলিং করেছেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে তিনিই এখন প্রোটিয়াদের সেরা বোলার। আগের সেরা বোলিং ফিগার ছিল কেশভ মহারাজার। ২০২২ সালে ডারবানে ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।
মুল্ডারের পেস তোপে বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। তাসের ঘরের মতো ভেঙে পড়েছেন শান্ত-লিটন দাসদের ব্যাটিং অর্ডার। শুরুটাও করেন তিনিই। যদিও ৪০৩ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়েছিল। তবে দলীয় ৫৮ রানের সময় ২ উইকেট তুলে নিয়ে ধাক্কা দেওয়া শুরু করেন মুল্ডার।
চতুর্থ উইকেট ৫০ রানের জুটি গড়ে মাঝে অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন শান্ত-তাওহিদ হৃদয়। তবে আবার যখন গতি আর সুইংয়ের ঝড় তুললেন মুল্ডার তখন আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং অর্ডার। কতটা সেটা স্কোরকার্ডে দৃষ্টি দিলেই স্পষ্ট হবে। পঞ্চম উইকেট থেকে শুরু করে টানা ৯ উইকেট তার শিকার। এতে করে ৪ উইকেটে ১৫৮ স্কোর করা বাংলাদেশ অলআউট হয় ১৮৪ রানে। অর্থাৎ, শেষ ৬ উইকেট ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশকে অলআউট করার আগে ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে সেঞ্চুরি তুলে নেন তিনি। তাতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারদের সংক্ষিপ্ত এক তালিকায় নাম তুলেছেন তিনি। একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া প্রোটিয়াদের পঞ্চম ক্রিকেটার তিনি। কাঁটায় কাঁটায় ১০০ ও দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে পরে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
অন্যদিকে সিরিজসেরা হয়েছেন দুই টেস্টে ৩০৭ রান করা মারকুয়েস অ্যাকারম্যান। সেঞ্চুরিয়ান টেস্টে খেলেছেন ১৫০ রানের ইনিংস। দুজনের সেঞ্চুরিতেই ৭ উইকেটে ৪৯৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়া। সেই রান বাংলাদেশ দুই ইনিংসেও শোধ দিতে পারেনি। ১৮৪ রানের বিপরীতে প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স