বিরল বন্ধন: স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০৩:৫০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০৪:০১:৪৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
স্ত্রীর কিডনি দানে নতুন জীবন ফিরে পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার শিক্ষক সুদাম পাল। দীর্ঘদিন কিডনি রোগে ভোগার পর স্ত্রী মন্দিরা রানী পালের একটি কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থ জীবনে ফেরার আশা দেখছেন তিনি। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২৪ নভেম্বর ভারতীয় সময় সকাল ১০টা থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময়ের অস্ত্রোপচার শেষে ওই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেন।
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন আত্মত্যাগের ঘটনা পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি করেছে। সফল অস্ত্রোপচারের খবরে দুই পরিবারেই ফিরেছে স্বস্তি।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্দিরা রানী পাল উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার স্বামী সুদাম পাল উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক।
সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটিতে নেমে আসে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ছায়া।
দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।
স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে মন্দিরা রানী বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’
পরিবার সূত্রে জানা গেছে, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। হাসপাতালের ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর সফলভাবে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স