কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ১১:৫৭:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ১১:৫৭:২১ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
উপমহাদেশের অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির। ২৭৪ বছরের ঐতিহ্য ধারণ করে মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব।
ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর আরাধনায় দেশ-বিদেশের ভক্ত-পুণ্যার্থী ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মন্দির এলাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। এর পর থেকেই মন্দির ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
মহারাজা প্রাণনাথের সময় থেকে চলে আসা এ আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয়, উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ।
১৭৫২ সালে মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকে রাজবংশের ধর্মীয় রীতি অনুসারে পালিত হয়ে আসছে রাস উৎসব।
উৎসবে আসা পুণ্যার্থী রীতা রানী বলেন, সময় পেলেই রাসমেলায় কান্তজিউ মন্দিরে আসেন। এখানে মানত করলে মনের আশা পূরণ হয় বলে তাঁর বিশ্বাস। এবার পরিবারের সদস্যদের নিয়ে এসে সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন।
দিনাজপুর রাজদেবোত্তর স্টেটের এজেন্ট রনজিৎ সিং বলেন, রাজপ্রথা মেনে ২৭৪ বছর ধরে এ উৎসব চলে আসছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তায় ৮০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে পূজা-অর্চনা ও মেলা উপভোগ করতে পারেন।
এর আগে গত রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে শ্রীশ্রী রুক্মিণী-কান্তজিউ যুগলবিগ্রহ নিয়ে আসা হয় কান্তনগর মন্দিরে।
পোড়ামাটির দৃষ্টিনন্দন কারুকাজ ও অপূর্ব স্থাপত্যশৈলীর জন্য বছরজুড়েই পর্যটকদের আকর্ষণ করে কান্তজিউ মন্দির। রাস উৎসব ঘিরে এবারও মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছে ধর্মীয় আবহ, ঐতিহ্য ও লোকজ উৎসবের মিলনমেলা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স