ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ পাঁচজনের ৪ জনই মারা গেলেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১১:৪০:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১১:৪০:১৩ পূর্বাহ্ন
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ পাঁচজনের ৪ জনই মারা গেলেন ফাইল ছবি
রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম শামসুন্নাহার বেগম (৫০)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার শামসুন্নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে দেড় বছরের এক শিশুসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ রোগীদের মধ্যে শুধু আব্দুর রহমানকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া সম্ভব হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় গ্যাস ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন- পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।

দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ