রোহিঙ্গা গণহত্যা
মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ০২:৩১:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ০২:৩৮:৩৬ অপরাহ্ন
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির শীর্ষ পাঁচ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। খবর বিবিসির।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দেন আইসিজে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
যুক্তরাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী, সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মায়ো হুতুত হ্লাইং, মেজর জেনারেল মায়ো মিন তুন, মেজর জেনারেল মায়াত থেত উ, মেজর জেনারেল কিয়াও সোয়ে এবং মেজর জেনারেল কিয়াও সোয়ার উ।
২০১৭ সালের ওই সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। এ ছাড়া সাত লাখের বেশি মানুষ মিয়ানমার ছেড়ে পালাতে বাধ্য হন। আইসিজের রায়কে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় দেশটির মূল্যবোধের প্রতিফলন থাকা জরুরি। পাশাপাশি এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপও নিতে হবে।
মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় এসেছিলেন। ২০১৭ সালের গণহত্যার সময় তিনি সামরিক বাহিনীর প্রধান থাকায় সংঘটিত বহু নৃশংসতার জন্য সরাসরি দায়ী। মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।
দেশটিতে বিমান জ্বালানির সরবরাহ বন্ধ করতে নতুন আইন পাসের বিষয়টিও নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (২৩ নভেম্বর) সংসদ সদস্যদের তিনি জানান, চলতি সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। এ নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহে দেওয়া রায়ে আদালত জানান, বাংলাদেশ ও বঙ্গোপসাগর সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স