ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঢাকাসহ সাত জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:০৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০২:০৪:২১ অপরাহ্ন
​ঢাকাসহ সাত জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ​ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাহিনীটি প্রস্তুত রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ