ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাদায় দুর্ভোগ ৩০ হাজার মানুষের

সড়ক তো নয় যেন হালচাষ করা জমি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:০৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:৩৭:৩৪ অপরাহ্ন
সড়ক তো নয় যেন হালচাষ করা জমি ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক। বৃষ্টি হলেই সড়কজুড়ে সৃষ্টি হয় হাঁটসমান কাদা। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো পথ। এতে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটিতে কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘ ৩১ বছরেও পাকা হয়নি পথটি। আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। বিকল্প একটি রাস্তা থাকলেও সেটির অবস্থাও বেহাল। ভাঙাচোরা ওই পথ দিয়ে প্রায় তিন কিলোমিটার যেতে হেঁটে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। ফলে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও জমে আছে হাঁটসমান কাদা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কেউ জুতা হাতে নিয়ে, আবার কেউ কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ভ্যান ও অটোরিকশা চলাচল ব্যাহত হওয়ায় পণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী, নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিরা।

স্থানীয়দের ভাষ্য, আষাঢ় থেকে আশ্বিন পর্যন্ত বর্ষার চার মাস সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে বের হলেও মাঝপথে বিপাকে পড়তে হয়। গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে কাঁচামাল পরিবহন করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের প্রধান সুবহান বলেন, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটির কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে বর্ষার চার মাস ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারে না। চালকেরা গাড়ি নিয়ে বের হতে পারেন না। এতে তাদের আয়-রোজগার বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের নিয়ে যাতায়াত করতে গিয়েও বিপদে পড়তে হয়। হেড়মা বাজার থেকে দেবরাজ বাজার হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত সড়কটি দ্রুত পাকা করা হোক।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানুর বলে, আমাদের স্কুলে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আছে। বৃষ্টি হলে রাস্তা কাদায় ভরে যায়। তখন ঠিকমতো স্কুলে যাওয়া যায় না। পথে পড়ে গিয়ে জামাকাপড়, ব্যাগ ও বই-খাতা নষ্ট হয়। আমরা চাই, দ্রুত রাস্তাটি ঠিক করে দেওয়া হোক।

ঢাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দা অজিয়ার রহমান বলেন, মাঝেমধ্যে বাড়িতে আসি। এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে খুব কষ্ট হয়। একটু বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা হয়। শিশুরা স্কুলে যেতে পারে না। এলাকার মানুষ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকার যদি একটু উদ্যোগ নেয়, তাহলে এই এলাকার মানুষের দুর্ভোগ কমবে।

ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হাসান জুমাদ্দার বলেন, হেড়মা থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। এই পথে বাজার, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। বর্ষা এলে মানুষ ঘর থেকে বের হতে পারেন না। বাজারে কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য আনা-নেওয়াও কঠিন হয়ে পড়ে। রোগী ও শিক্ষকদের যাতায়াতে চরম ভোগান্তি হয়। জনস্বার্থে সড়কটি দ্রুত পাকা করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা জালাল বলেন, বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটিতে কোনো উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টি হলেই চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ব্যবসায়ীরা বাজারে কাঁচামাল নিয়ে আসতে পারেন না। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত। দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার দাবি জানাই।

৭০ বছর বয়সী বৃদ্ধ তরফদার শেখ বলেন, আমাদের এই রাস্তাটি খুবই প্রয়োজন। বর্তমানে মাটির রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। প্রায় হাঁটুসমান কাদা মাড়িয়ে তিন কিলোমিটার পথ হেঁটে যাতায়াত করতে হয়। এই বয়সেও প্রতিদিন এভাবেই চলাচল করতে হচ্ছে। বাজার করতে হলেও এই রাস্তা দিয়েই যেতে হয়, কারণ আমাদের এলাকার বাজারে প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় না। জীবনের শেষ বয়সে আমার একটাই চাওয়া, রাস্তাটি পাকা হওয়া দেখে যেতে চাই। অনেকেই আসেন, আশ্বাস দেন—আজ করে দেবেন, কাল করে দেবেন। কিন্তু বছরের পর বছর পার হলেও কেউ রাস্তাটি ঠিক করে দেননি।

তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম জানান, দীর্ঘ ১৭ বছরেও হেড়মা থেকে দেবরাজ পর্যন্ত সড়কটিতে কোনো কাজ হয়নি। এখানকার মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার মতো ভালো রাস্তা নেই। সড়কটি নির্মাণের জন্য তিনি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকৌশলীর কাছে আবেদন জানিয়েছেন।

তার দাবি, সড়কটির বিল পাস হয়েছে বলে তিনি জানতে পেরেছেন, কিন্তু কাজ শুরু হয়নি। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। দ্রুত নির্মাণকাজ শুরুর দাবি জানান।

বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদ জানান, সড়কটির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর বর্তমান অবস্থা ও উন্নয়ন প্রকল্পের বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ