ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-১১-২০২৬ ০৪:০৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১১-২০২৬ ০৪:০৯:২৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ দ্বীপজেলা ভোলার ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা ভোলা নর্থ-৩ নামের তৃতীয় কূপের দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এ স্তর থেকে দৈনিক ১৮-২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ভোলা নর্থ-৩ কূপের দ্বিতীয় স্তরে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ডিএসটি কার্যক্রম শুরু করা হয়েছে।
বাপেক্স জানায়, গত রোববার (১৫ নভেম্বর) সকালে ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের ভোলা নর্থ-৩ নামের তিন নম্বর কূপের প্রথম স্তরের ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) করা হয়। প্রথম স্তর থেকে দৈনিক ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে ধারণা করা হয়। এরপর রোববার সন্ধ্যায় ওই কূপের ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতায় দ্বিতীয় স্তরের ডিএসটি শুরু করা হয়েছে।
বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর থেকে ভোলা নর্থ-৩ নামে নতুন কূপ খননের কাজ শুরু হয় এবং ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়। পরে ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন হয় এবং গত ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি শুরু করা হয়।
এছাড়া ভোলা নর্থ-৩ কূপে চূড়ান্ত গ্যাস মজুদের পরিমাণ সম্পর্কে ড্রিল স্টেম টেস্ট শেষ হওয়ার পর জানানো হবে বলে জানায় বাপেক্স।
প্রসঙ্গত, ভোলা জেলায় বর্তমানে ৩টি গ্যাসক্ষেত্র এবং এ নিয়ে মোট ১০টি গ্যাস কূপ রয়েছে ও বিপুল পরিমাণ গ্যাস মজুদ রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স