ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৪:১৮:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৪:১৮:৩৯ অপরাহ্ন
​ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবা
দীর্ঘদিনের প্রক্রিয়াগত জটিলতা, কাগজপত্রের ঝামেলা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ভূমি নিবন্ধন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রচলিত কাগজনির্ভর নিবন্ধন পদ্ধতির পরিবর্তে চালু করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থা। 

এ প্রকল্প বাস্তবায়িত হলে অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন কার্যক্রমও সম্পন্ন করতে পারবেন নাগরিকরা। এতে নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াত, দীর্ঘসূত্রতা এবং সেবাগ্রহীতাদের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।

এ লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ প্রকল্প’। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী দলিল নিবন্ধন কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে সেবার মান উন্নত করা, প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিবন্ধন কার্যক্রমকে আরও দ্রুত ও সহজ করা। ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই এবং নিবন্ধনের সুযোগ তৈরি হলে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির ঝুঁকিও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্য নিয়ে সরকার এই আইসিটি-ভিত্তিক অটোমেশন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে নিবন্ধনসংশ্লিষ্ট তথ্য ও কার্যক্রমের জন্য নাগরিকদের প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে নিবন্ধন প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব হ্রাস পাওয়ার সুযোগ তৈরি হবে।

ভূমি নিবন্ধন ব্যবস্থার এই পরিবর্তন শুধু জনসেবা সহজ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিচার বিভাগেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার একটি বড় অংশ ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে। সম্পত্তির মালিকানা, দলিলের বৈধতা এবং জমি হস্তান্তর নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীদের আর্থিক ও মানসিক ভোগান্তি বাড়ছে। পাশাপাশি এসব মামলা নিষ্পত্তি করতে আদালতের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই এবং নিবন্ধনের ফলে সম্পত্তির মালিকানা সংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে। জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সুযোগও কমে আসবে। এতে ভূমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টির আশঙ্কা হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদে আদালতে ভূমি-সংক্রান্ত মামলার চাপ কমাতে সহায়তা করবে।

অন্যদিকে, জাতীয় অর্থনীতিতেও নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অধিদপ্তরটি বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। সম্পত্তির মালিকানা স্বত্ব সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কার্যক্রম গুরুত্বপূর্ণ। ফলে এ খাতের সেবার আধুনিকায়নকে শুধু প্রযুক্তিগত পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে রাজস্ব ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সুশাসনের বিষয়টিও জড়িত।

তবে অটোমেশন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাঠপর্যায়ের বিভিন্ন সীমাবদ্ধতা। জনবল সংকট, প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জামের অভাব, দলিল ও নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত দুর্বলতা নতুন ব্যবস্থার কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে আলোচনায় এসব সমস্যার কথা তুলে ধরেন নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ।

তিনি জানান, দেশব্যাপী সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম। গুরুত্বপূর্ণ দলিল ও নথি সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেই। অথচ এসব কার্যালয়ে নাগরিকদের মূল্যবান সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিল সংরক্ষিত থাকে। প্রয়োজনীয় জনবল ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা না গেলে গুরুত্বপূর্ণ নথি ঝুঁকির মধ্যে পড়তে পারে।

শামীমা আফরোজ বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে নেয়ার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান বা এ-চালান ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে অনেক উপ-রেজিস্ট্রি অফিসে কম্পিউটার অপারেটর ও নৈশপ্রহরীসহ সাধারণ নিরাপত্তাকর্মীর অনুমোদিত পদও নেই। ফলে একদিকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের প্রস্তুতি চললেও অন্যদিকে প্রয়োজনীয় জনবল ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে।

নিবন্ধন মহাপরিদর্শক বলেন, নাগরিকদের গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল সংরক্ষণের দায়িত্ব পালন করছে নিবন্ধন অধিদপ্তর। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় এসব নথির যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ কারণে অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা জরুরি।

অটোমেশন প্রকল্প সফল করতে প্রযুক্তিগত প্রস্তুতির পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ করে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তিনি বলেন,  নতুন ব্যবস্থায় নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। একই সঙ্গে প্রতিটি কার্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করা প্রয়োজন। এসব সুবিধার ঘাটতি থাকলে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান বাধাগ্রস্ত হতে পারে।

নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বিষয়টিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, প্রচলিত ব্যবস্থার পরিবর্তে নতুন পদ্ধতি চালু হলে নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া, প্রয়োজনীয় নিয়মকানুন এবং সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। অন্যথায় তথ্যের অভাব ও নতুন ব্যবস্থা সম্পর্কে অজ্ঞতার সুযোগ নিয়ে কেউ কেউ সেবাগ্রহীতাদের বিভ্রান্ত বা প্রতারণা করতে পারে। এ কারণে প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন নিবন্ধন মহাপরিদর্শক।

এদিকে, নিবন্ধন সেবার পরিধি বাড়াতে প্রশাসনিক পর্যায়েও উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপন করা হচ্ছে। নতুন কার্যালয় স্থাপনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমের প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেবা কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেয়া হয়েছে।

শামীমা আফরোজ আশা প্রকাশ করেন, মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পাওয়া গেলে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তিগত আধুনিকায়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ের সমস্যাগুলো সমাধান করা জরুরি।

তিনি বলেন, ভবিষ্যতের জন্য নিবন্ধন অধিদপ্তরের অঙ্গীকার তিনটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। এগুলো হলো স্বচ্ছতা নিশ্চিত করা, দ্রুত সেবা প্রদান এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণভাবে দূর করা। নিবন্ধন সেবাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করাই অধিদপ্তরের লক্ষ্য।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ