ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৪:০৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৪:০৬:৪১ অপরাহ্ন
​হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ ​ফাইল ছবি
হামের উপসর্গে গত দুই মাসে এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে।

একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে নয়জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছে। 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জন মারা গিয়েছিল।

সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো এক হাজার ২৪৭ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।

নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। অন্যদিকে, নিশ্চিত হামেও সবচেয়ে বেশি ৬৮ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ