ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের মজুরি নিয়ে বিজিএমইএর আপত্তির জবাব সিপিডির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৩:৩৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:৩৮:৫৫ অপরাহ্ন
শ্রমিকদের মজুরি নিয়ে বিজিএমইএর আপত্তির জবাব সিপিডির ​ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবিত হিসাব নিয়ে বিভিন্ন আপত্তি তুলেছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। 

এবার পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনকারী, দারিদ্র্যসীমা, বাসাভাড়া ও বার্ষিক মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের হিসাবের ব্যাখ্যা দিয়েছে সিপিডি। 

সংস্থাটি জানিয়েছে, তাদের বিশ্লেষণ কোনো চূড়ান্ত মজুরি প্রস্তাব নয়; বরং ন্যূনতম মজুরি নির্ধারণে আলোচনার জন্য একটি সম্ভাব্য পরিসর।

রোববার (২২ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো পাঁচ পৃষ্ঠার চিঠিতে নিজেদের অবস্থান তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

চিঠিতে বলা হয়, সিপিডির বিশ্লেষণে একটি পরিবারে চারজন সদস্য এবং গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরা হয়েছে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ ২০২২, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজসহ বিভিন্ন গবেষণার তথ্য পর্যালোচনা করে এ হিসাব করা হয়েছে। বিজিএমইএ সরল গড় ব্যবহারের পরামর্শ দিলেও সিপিডির মতে, মধ্যমান ও সরল গড়ের পার্থক্য সামান্য। 

পরিবারের সদস্যসংখ্যা ৩ দশমিক ৯৬ ধরার প্রস্তাবও দিয়েছিল বিজিএমইএ। সিপিডির হিসাবে, এতে দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।

পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের পক্ষে যুক্তি দিয়েছে সিপিডি। সংস্থাটির মতে, অধিকাংশ শ্রমিক শহর ও শিল্পাঞ্চলে বসবাস করেন। তাদের বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় বিবেচনায় গ্রামীণ দারিদ্র্যসীমা যথাযথ চিত্র তুলে ধরে না। তবে শ্রমিকদের বসবাসের এলাকাভিত্তিক তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী ভারিত গড় দারিদ্র্যসীমা নির্ধারণ করা সম্ভব।

বাসাভাড়া দুবার গণনার অভিযোগও নাকচ করেছে সিপিডি। সংস্থাটি জানিয়েছে, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব থেকে ঘরভাড়া বাদ দিয়েই অন্যান্য অপরিহার্য ব্যয় নির্ধারণ করা হয়েছে। ফলে আলাদাভাবে বাসাভাড়া যোগ করায় একই ব্যয় দুবার গণনা হয়নি।

বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশ করার বিষয়ে সিপিডির ব্যাখ্যা, বার্ষিক ইনক্রিমেন্ট ও নতুন শ্রমিকের ন্যূনতম মজুরি এক বিষয় নয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ৯ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হলেও নতুন শ্রমিকের সর্বনিম্ন গ্রেডের মজুরি ১২ হাজার ৫০০ টাকাই রয়েছে।

সিপিডি বলেছে, তাদের বিশ্লেষণে মূলত এন্ট্রি গ্রেডের মজুরিকে গুরুত্ব দেয়া হয়েছে। তবে দক্ষতা, অভিজ্ঞতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে অন্য গ্রেডগুলোর মজুরিও যৌক্তিকভাবে নির্ধারণ করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ বিবেচনায় নিয়ে সম্ভাব্য মজুরির পরিসর তুলে ধরা হয়েছে। প্রকৃত সক্ষমতা নির্ধারণে কারখানার ব্যয়, পণ্যের মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য প্রয়োজন।

সিপিডি মনে করে, শ্রমিক ও মালিক উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরের জরিপ করা জরুরি। ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতা বিবেচনায় নিতে হবে।

একই সঙ্গে মজুরি বৃদ্ধির পক্ষে অবস্থান জানালেও ভাঙচুর, সহিংসতা ও শিল্পে অস্থিরতার বিরোধিতা করেছে সংস্থাটি। তাদের মতে, এসব ঘটনায় শ্রমিক, শিল্প ও দেশ—সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। জ্বালানি সংকট, উচ্চ সুদের হার ও দুর্নীতির মতো কাঠামোগত সমস্যার দায় কম মজুরির মাধ্যমে শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়াও উচিত নয়।

সিপিডি আশা প্রকাশ করেছে, মজুরি বোর্ড শ্রমিকদের ন্যায্য চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ