ফ্যামিলি কার্ড শুমারি শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-১১-২০২৬ ০৭:২৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৬ ০৭:২৯:৩৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। প্রতিটি পরিবারকে এ শুমারির আওতায় আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।
তথ্য সংগ্রহকারীরা শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।
এসব কাগজপত্রের মধ্যে রয়েছে, যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি। পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাঁদের এনআইডি নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদও প্রস্তুত রাখতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ রাখতে বলা হয়েছে।
এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাঁকে কোনো টাকা দেওয়া যাবে না।
তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা তৈরিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতাদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব। সূত্র: বাসস
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স