দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় , বন্দর থেকে নামলো সংকেত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১১-২০২৬ ০৪:০১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৬ ০৪:১৪:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৭ নভেম্বর দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর। পরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১৯ নভেম্বর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়।
এ ছাড়াও ২০ নভেম্বরও এ সংকেত বহাল রাখা হয়েছিল। ওই সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ গত শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। এরপর এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির দুর্বল হয়ে পড়ায় এবং বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় এবার সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স